বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর লেনদেনের প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য ক্রয় করেন। তিনি বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে ক্যাশলেস বাংলাদেশ গড়ার সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে উল্লেখ করে তিনি জানান, মানুষকে আর নগদ টাকা সঙ্গে বহন করতে হবে না। এর ফলে কেনাকাটার পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের আহ্বানে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটির নিজস্ব অ্যাপ ‘নেক্সাসপে’ এবং ‘রকেট’ ব্যবহার করে সহজেই এই ক্যাশলেস লেনদেন করা যায়।



