নিউইয়র্কে আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বাংলাদেশ ট্রেড ফেয়ার

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আজ নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬।
নিউইয়র্কের বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের (বিএমসিসি) ১৯৯ চেম্বার্স স্ট্রিটে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন।
আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এরপর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬’। বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’।
বাংলাদেশ–ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের আয়োজনে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলএলসি ও ইউএসএ–বাংলাদেশ বিজনেস লিংকসের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘কানেক্টিং গ্লোবাল মার্কেটস, ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’।
আয়োজকেরা জানান, ২০১৬ সালে বাংলাদেশি পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এ উদ্যোগের যাত্রা শুরু হয়। ২০২২ সালে এর পরিধি বাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রূপ দেওয়া হয়। তখন থেকে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত এবারের মেলা এ অংশীদারত্বের পঞ্চম ধারাবাহিক আয়োজন।
আয়োজকদের ভাষ্য, মেলাটি এখন আর শুধু পণ্য প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এতে ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ, বিনিয়োগ আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পণ্য প্রচার, আর্থিক সংযোগ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরির সুযোগ থাকছে। আগের আয়োজনগুলোতে ১৫০টির বেশি প্রতিষ্ঠান, ৫৪ জন বিশিষ্ট বক্তা ও অতিথি এবং প্রায় ১ হাজার ৮০০ দর্শনার্থী অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি, রেমিট্যান্স পাঠাতে বৈধ ও অনুমোদিত চ্যানেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসীদের অর্থকে উৎপাদনশীল বিনিয়োগে যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা। তাঁদের লক্ষ্য, রেমিট্যান্সকে বিনিয়োগে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান আরও বাড়ানো।
এদিকে, এবারের ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থায়ন, পেশাগত উৎকর্ষ ও সমাজ উন্নয়নে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীকে সম্মাননা দেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতিতে অবদান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহে ভূমিকা রাখার জন্য তাঁদের এ সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকেরা আরও উল্লেখ করেছেন, মেলাটি একটি ব্যবসাকেন্দ্রিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নে বাস্তব সুযোগ তৈরির পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
এবারের আয়োজন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ২৫তম বার্ষিক বিজনেস এক্সপোর সঙ্গেও মিলিত হয়েছে। ফলে দুই অংশীদার প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার হবে এবং নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।



