ইউএফটিবির ক্যাম্পাস অবকাঠামো নির্মাণে এমপির আশ্বাস

সংগৃহীত ছবি
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর স্থায়ী ক্যাম্পাস অবকাঠামো দ্রুততম সময়ের মধ্যে নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
আজ মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ইউএফটিবি আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন ।
এ সময় সংসদ সদস্য বলেছেন, ‘এ বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। একটি আধুনিক ও মানসম্মত ক্যাম্পাস গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজনের সূচনা হয় সকাল ৭টায় আলোচনা সভার মাধ্যমে। পরে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তী সময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেছেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই উৎসবের মূল লক্ষ্য মানুষে মানুষে সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা।’
তিনি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য নববর্ষ উদযাপন কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গাজীপুরের রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ আয়োজনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করে নেয় ইউএফটিবি পরিবার।

