কমিউনিটি ব্যাংকের কার্ডে ডব্লিউইউবির ফি পরিশোধে ১০ হাজার টাকা ছাড়

ছবি: সৌজন্য
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে ১০ হাজার টাকা ছাড় পাবেন শিক্ষার্থীরা। এ ছাড়া কমিউনিটি ব্যাংকের কর্মী ও পুলিশ সদস্যদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন।
এ সুবিধা চালুর পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকিং সেবা সহজ করতে ডব্লিউইউবি ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে সই করেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষে এতে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।
সমঝোতা অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের কর্মী ও পুলিশ সদস্যদের সন্তানেরা ডব্লিউইউবিতে ভর্তির সময় ১০ হাজার টাকা ছাড় পাবেন। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে আরও ১০ হাজার টাকা ছাড়ের সুযোগ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্পর্কে নিজস্ব কর্মী, তাদের আত্মীয়স্বজন ও পুলিশ পরিবারের সদস্যদের জানাতে সম্মত হয়েছে ব্যাংকটি।
এই অংশীদারত্বের আওতায় শিক্ষাঋণ, বেতন ব্যবস্থাপনা, অগ্রিম বেতন সুবিধা, ক্রেডিট কার্ড সেবা এবং ক্যাম্পাসে ব্যাংকিং ও ফি সংগ্রহের বুথ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সহজ হবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে ডব্লিউইউবির রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম এবং যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাইফুল হান্নানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় নির্বাহে আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে চায় কমিউনিটি ব্যাংক।



