শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন

সংগৃহীত ছবি
শিক্ষায় সমতা ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করতে শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের কর্মপরিকল্পনা ও ১০০ দিনের কর্মসূচি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা অধিকার সংসদের নির্বাহী চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনওয়াজ খান চন্দন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা বিশেষজ্ঞ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁওতালি ভাষায় পাঠ্যপুস্তক রচনার পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির শিক্ষার্থীরা শিক্ষায় খেলাভিত্তিক প্রযুক্তির ব্যবহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে তাঁদের পরিকল্পনা উপস্থাপন করেন।
এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীরা ডিজিটাল সাক্ষরতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন।
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবেদন ও সাক্ষাৎকারের মাধ্যমে এডুএনভয় হিসেবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের বড় একটি অংশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। শিক্ষার অধিকার, সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে তাঁদের উদ্যোগগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১০০ দিনের কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক ড. খাইরুল ইসলাম ও অধ্যাপক শরিফুল ইসলাম, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উন্নয়ন বিভাগের প্রধান মো. মোয়াজ্জেম হোসেন, মালালা ফান্ডের সাবেক দেশীয় প্রতিনিধি এমএইচ তানসেন, ইউনেস্কোর শিক্ষা কর্মসূচির মো. রমজান আলী, আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক এবং লাইটক্যাসল পার্টনার্সের কর্মসূচি সহযোগী জাকিয়া সুলতানা।
এডুএনভয়দের শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় শিক্ষা অধিকার সংসদের নির্বাহী সদস্য মাহফুজুর রহমান মানিক, বোরহানউদ্দিন নোমান, মিনহাজুল আরেফিন, মেহেদি হাসান ও আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।



