বাজারে এলো নতুন ব্যাটারি ব্র্যান্ড ‘টেকনোব্যাট’

সংগৃহীত ছবি
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী গ্রেটওয়াল হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ব্যাটারি ব্র্যান্ড ‘টেকনোব্যাট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ রবিবার রাজধানীর বাড্ডার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যাসেঞ্জার কার (পিসি), কমার্শিয়াল ভেহিকেল (সিভি) এবং আইপিএস সেগমেন্টের নতুন এই ব্যাটারি সিরিজের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটওয়াল হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল মাহমুদ। তিনি উল্লেখ করেন, সিরামিক শিল্পের পর দেশের এনার্জি খাতে একটি নির্ভরযোগ্য ও বিশ্বমানের নাম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তারা আধুনিক ব্যাটারি কারখানা গড়ে তুলেছেন। তার ভাষ্য, ইজিবাইক ও মিশুক ব্যাটারির সফলতার পর এবার প্রাইভেট কার, ট্রাক, বাস, সিএনজি এবং ঘর ও অফিসের আইপিএসের জন্য ‘টেকনোব্যাট’ বাজারে আনা হয়েছে।
আসিফ ইকবাল মাহমুদ জানান, কারখানায় আধুনিক অটোমেটেড প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ল্যাবে প্রতিটি ব্যাটারি কঠোরভাবে পরীক্ষা করে তবেই বাজারজাত করা হয়। ভবিষ্যতে আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়েও কাজ করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খালেদুজ্জামান ডিলারদের প্রতিষ্ঠানের মূল শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি মন্তব্য করেন, ডিলারদের সার্বিক সহযোগিতা, দ্রুত ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তারা একটি শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রজেক্ট ডিরেক্টর রফিকুল ইসলাম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. সানোয়ার হোসেন, পরিচালক ও নির্বাহী পরিচালকবৃন্দ, চাইনিজ কারিগরি পরামর্শক এবং সারাদেশ থেকে আসা ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা। নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।



