কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বাড়ানোর তাগিদ নবনিযুক্ত সচিব কানিজ মওলার

সংগৃহীত ছবি
জনস্বার্থে কাজ করা, স্বচ্ছতা বজায় রাখা এবং সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিব কানিজ মওলা।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
যোগদানের দিন সকালে সচিব কানিজ মওলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে ফোনে মন্ত্রী সাচিং প্রু-র সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরে ১ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সচিব বলেন, দাপ্তরিক কার্যক্রমে সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট নিয়ে কাজ করতে হবে। ত্রিপক্ষীয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকে অবশ্যই অংশ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি উল্লেখ করেন, বিরোধ নিষ্পত্তি ও নীতিনির্ধারণী এসব সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথোপযুক্ত সুপারিশ প্রদানে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।
আড়ালে অভিযোগ বা কানকথাকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়ে সচিব তার ভাষ্য তুলে ধরে বলেন, ‘আমার দরজা সবার জন্য খোলা। আড়ালে যারা অভিযোগ করে, তারা বেশিরভাগই সত্য এড়িয়ে চলে। আমার বার্তা পরিষ্কার—কাউকে কিছু বলতে হলে সরাসরি বলব, আড়ালে নয়। সত্য কথা সবার সামনে প্রকাশ করাই আমার নীতি।’
সেবাদাতা ও সেবাগ্রহীতার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ এবং আমরা তাদের সেবা প্রদান করি। সেবাদাতা ও সেবাগ্রহীতার সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য থাকতে হবে। অফিস চলাকালীন পুরো সময় জনস্বার্থের দিকে খেয়াল রেখে সবাইকে কাজে মনোনিবেশ করতে হবে। সেই সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্র ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’ স্বদেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক বিষয়াদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন যুগ্মসচিব কংকন চাকমা। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার ও যুগ্মসচিব কাজী তোফায়েল হোসেনসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



