থাইল্যান্ডে এশিয়ান শিপার্স অ্যালায়েন্সের সভায় যোগ দেবে এসসিবি প্রতিনিধিদল

সংগৃহীত ছবি
ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) ও গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) বার্ষিক সভায় অংশ নেবে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)।
কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১ থেকে ৩ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে এই সভায় যোগ দেবে।
আজ মঙ্গলবার ধানমন্ডিতে এসসিবি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসসিবির ২০২৬ ও ২০২৭ মেয়াদের এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান রেজাউল করিম।
সভায় গত সভার কার্যবিবরণী ও তিন মাসের হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
সভায় এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত পরিচালকদের মধ্যে ছিলেন গণেশ চন্দ্র সাহা, আরজু রহমান ভূঁইয়া, জিয়াউল ইসলাম, কে এম আরিফুজ্জামান, সরওয়ার আলম, রফিউর রহমান খান ইউসুফজাই ও মো. আমিনুল ইসলাম।



