ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সমতা ও অন্তর্ভুক্তি নিয়ে ‘জাগরণ’ সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে সমতা, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে ‘জাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে’ এ আয়োজন করা হয়।
‘জাগরণ: ডব্লিউইউবি সংবেদনশীলতা ও বৈষম্যবিরোধী প্রচারণা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সেমিনারটির মূল প্রতিপাদ্য ছিল ‘বিয়ন্ড দ্য মার্জিনস: ইকুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ফর অল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। মূল বক্তব্যে তিনি সামাজিক অসমতা দূর করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চবিষয়ক ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিশেষত এসডিজি-৫ (লিঙ্গ সমতা) এবং এসডিজি-১০ (অসমতা হ্রাস)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারটি আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে লিঙ্গভিত্তিক অসমতা, সামাজিক বাধা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
প্রচারণার অংশ হিসেবে ইংরেজি বিভাগ একক ও দলগত পর্যায়ে একটি পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করে। এতে নৃ-গোষ্ঠীগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী, কৃত্রিম বুদ্ধিমত্তায় লিঙ্গ পক্ষপাত, অনলাইন সহিংসতা ও ডিজিটাল নিরাপত্তা, শরণার্থী অধিকার, অভিবাসন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মতো বিষয়গুলো স্থান পায়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সৃজনশীলতা ও সচেতনতার পরিচয় দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পোস্টার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্যহীন শিক্ষাঙ্গন গড়া এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।



