ব্র্যাক ব্যাংকে অমনিচ্যানেল ব্যাংকিং চালু

দেশে প্রথমবারের মতো ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকের শাখা, উপশাখা, কল সেন্টার ও ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সেবার আওতায় আনা হয়েছে। ফলে গ্রাহকরা যেকোনো এক মাধ্যমে লেনদেন শুরু করে ঝামেলা ছাড়াই অন্য মাধ্যমে শেষ করতে পারবেন। গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সেবার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল মোমেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহীয়ুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক। ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেছেন, এ উদ্যোগ ডিজিটাল সুবিধা ও মানুষকেন্দ্রিক সেবাকে এক সুতোয় গেঁথেছে। তারেক রেফাত উল্লাহ খান জানিয়েছেন, প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট কোনো মাধ্যমে আবদ্ধ না থেকে সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে, যা গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার ভিত মজবুত করবে।



