ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়ে ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু

সংগৃহীত ছবি
ইতালীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং আধুনিক নকশার সমন্বয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড `মিলানো সিরামিকস'। ‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম (সুমন), নির্বাহী পরিচালক ইমরান আহমেদ এবং দেশ-বিদেশের খ্যাতনামা স্থপতি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বললেন, ‘মিলানো সিরামিকস অত্যাধুনিক ইতালীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে কার্যক্রম শুরু করেছে। শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের এমন উদ্যোগ দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।’
বিশেষ অতিথি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বললেন, ‘আধুনিক প্রযুক্তি, উন্নত নকশা, মানসম্মত উৎপাদন এবং দায়িত্বশীল শিল্পচর্চার মাধ্যমে মিলানো সিরামিকস দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক অবদান রাখবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি স্থপতি ড. আবুসাঈদ এম. আহমেদ।
স্বাগত বক্তব্যে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম (সুমন) জানালেন, আমরা শুধু সিরামিক পণ্য তৈরি করছি না, প্রতিটি ঘরকে একটি ‘লিভিং মাস্টারপিস’-এ রূপ দিতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে ইতালীয় সংস্কৃতির আবহ ফুটিয়ে তুলতে ছিল ব্যালে নৃত্য, ইতালি–বাংলাদেশ ফিউশন নৃত্য এবং ‘ফ্যাশন শো উইথ মিলানো টাইলস’-এর আয়োজন। মঞ্চসজ্জায় মিলানের বিখ্যাত স্থাপত্যশৈলীর আদলে তৈরি খিলান, কাঁচের ছাদ ও আলোকসজ্জা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।




