নিখোঁজদের সন্ধানে ওয়ালটন ও মুন অ্যালার্টের চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্ট। এর আওতায় দেশ জুড়ে ৭০০টির বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও তথ্য প্রচার করা হবে।
গত সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান।
অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পপ-ফাইভের সিইও মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ প্লাজার স্ক্রিন থেকে নিখোঁজদের তথ্য পাওয়ার পাশাপাশি মুন অ্যালার্টের হেল্পলাইনে (১৩২১৯) রিপোর্ট করতে পারবেন।



