আরই১০০-এ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ

সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১০০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বৈশ্বিক উদ্যোগ ‘আরই-১০০’-এ যোগ দিয়েছে আকিজ বশির গ্রুপ। এর মাধ্যমে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্য আরও জোরদার করার পাশাপাশি সৌরবিদ্যুৎ, শক্তি সাশ্রয় ও সম্পদের দক্ষ ব্যবহারের কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আকিজ বশির গ্রুপ। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ক্লাইমেট গ্রুপ পরিচালিত আরই-১০০ উদ্যোগের সদস্য বিশ্বের ৪০০টির বেশি প্রতিষ্ঠান। সদস্য প্রতিষ্ঠানগুলো ২০৫০ সালের মধ্যে নিজেদের কার্যক্রমে ১০০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবছর সদস্যদের অগ্রগতি জানাতে হয় এবং আরই-১০০-এর কারিগরি মানদণ্ড অনুযায়ী তাদের নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের তথ্য যাচাই করা হয়।
আকিজ বশির গ্রুপ জানিয়েছে, আরই-১০০-এর সদস্য হওয়ার ফলে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও পরিকল্পিত, পরিমাপযোগ্য ও স্বচ্ছভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নিজেদের কার্যক্রমের সামঞ্জস্য বাড়ানো এবং নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও পাওয়া যাবে।
গ্রুপটির পার্টিকেল বোর্ড, সিরামিকস ও গ্লাসসহ বিভিন্ন উৎপাদনকেন্দ্রে বর্তমানে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। ময়মনসিংহের ত্রিশালে আকিজ সিরামিকসে ২৪ দশমিক ৩৯ মেগাওয়াট পিকের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এ প্রকল্প থেকে বছরে প্রায় ২৮ হাজার ৫০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। এতে প্রতিবছর প্রায় ২২ হাজার ৪৪০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে। প্রকল্পটির ১০ মেগাওয়াট জাতীয় গ্রিডের সঙ্গে নেট মিটারিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছে।
হবিগঞ্জের আকিজ বশির গ্লাসে ১৮ দশমিক ২ মেগাওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও ব্যাটারি সংরক্ষণ সুবিধা রয়েছে। কারখানাটির মোট শক্তি ব্যবহারের ৭১ শতাংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে। সেখানে সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্য তাপ পুনরুদ্ধার প্রযুক্তিনির্ভর বাষ্প টারবাইন ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
এ ছাড়া জনতা জুট মিলে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা মিলটির সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। আকিজ পার্টিকেল বোর্ড মিলে ৮ দশমিক ১ মেগাওয়াট পিকের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি বছরে প্রায় ৯ দশমিক ৩ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিবছর প্রায় ৭ হাজার ৪৫২ টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই বৈশ্বিক উদ্যোগে যোগ দিতে পেরে আমরা গর্বিত। ১০০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে এটি আমাদের একটি অগ্রণী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, ব্যবসার ভবিষ্যৎ গড়ে উঠতে হবে প্রবৃদ্ধি ও দায়িত্বশীলতার সমন্বয়ে।’
তিনি আরও বলেছেন, ‘এই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশে আরও পরিবেশবান্ধব ও মজবুত শক্তি ব্যবস্থার রূপান্তরে অবদান রাখতে চাই। একই সঙ্গে অন্যান্য ব্যবসা ও শিল্পখাতকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে উৎসাহিত করতে চাই।’
শক্তি দক্ষতা বৃদ্ধি ও সম্পদের সাশ্রয়ী ব্যবহারে আকিজ বশির গ্রুপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সঙ্গে একাধিক নবায়নযোগ্য শক্তি ও শক্তি দক্ষতা প্রকল্পে কাজ করেছে। বিভিন্ন উৎপাদনকেন্দ্রে বর্জ্য তাপ পুনরুদ্ধার, পানির পুনর্ব্যবহার, নেট মিটারিং ও উন্নত প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। গ্রুপটি জানিয়েছে, শিল্পখাতের প্রবৃদ্ধিকে আরও টেকসই ও নবায়নযোগ্য শক্তিনির্ভর করতে এসব উদ্যোগ অব্যাহত থাকবে।



