ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘সোলার ইকো-সিস্টেম’ উন্মোচন করেছে টেক জায়ান্ট ওয়ালটন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ওয়ালটন জানিয়েছে, নতুন এই সোলার ইকোসিস্টেমের আওতায় সূর্যের আলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও সঞ্চালনের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য সৌরবিদ্যুৎনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোলার ইকোসিস্টেমের অংশ হিসেবে নিজস্ব কারখানায় সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে ওয়ালটন। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ নিজেদের উৎপাদন কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে বছরে গড়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ওয়ালটন সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সৌরবিদ্যুৎনির্ভর বিভিন্ন পণ্য উৎপাদন করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ, খাদ্য সংরক্ষণ, বিনোদন, রান্নাবান্না, আলোকসজ্জা ও কাপড় ধোয়ার কাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্নাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটনের পক্ষ থেকে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখাই এই সোলার ইকোসিস্টেমের মূল লক্ষ্য।



