সোনার দাম ভরিতে কমল ২ হাজার ৮৫৭ টাকা

প্রতীকী ছবি
তেজাবী সোনার দাম কমায় দেশের বাজারে কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৭ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বাজুস জানিয়েছে, তেজাবী সোনার দাম কমার বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতনী প্রতি ভরির সোনার দাম পড়বে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য হবে। স্বর্ণ ও রূপার দামের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরী ও পাথর বাদ দিয়ে নিজ প্রতিষ্ঠানে স্বর্ণালংকার এক্সচেঞ্জ এর ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।



