বিজিএমইএ
৯৫ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে

পোশাক কারখানা শ্রমিক। ছবি : রয়টার্স
চলতি ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে। আজ সোমবার তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক অফিসিয়াল বার্তায় জানানো হয়েছে এই তথ্য।
বিজিএমইএর বার্তায় জানানো হয়েছে, দুই অঞ্চলের মোট ২ হাজার ১৩৩টি চালু পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানা ইতিমধ্যেই তাদের শ্রমিকদের বোনাস বুঝিয়ে দিয়েছে।
বিজিএমইএর পরিসংখ্যান বলছে, ঢাকা ও চট্টগ্রামে সচল থাকা ২ হাজার ১৩৩টি কারখানার মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি কারখানা ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন করেছে।
বোনাসের পাশাপাশি এপ্রিল মাসের নিয়মিত বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট সচল কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। এপ্রিলের বেতন সম্পন্ন করা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামের ৩৩৪টি কারখানা রয়েছে।
এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি পোশাক কারখানা, যা শতকরা হিসাবে ৩৫ দশমিক ৯৪ শতাংশ।
এদিকে, কোরবানি ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের ঢাকা ছাড়ার একটি সুনির্দিষ্ট সময়সূচিও প্রকাশ করেছে বিজিএমইএ। ঈদযাত্রায় সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও ভোগান্তি কমাতে ধাপে ধাপে এই ছুটি দেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, গত ২৪ মে ১০৮টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছেড়েছেন। এরপর আজ ২৫ মে ৬৬৪টি এবং আগামীকাল ২৬ মে ৭৭১টি পোশাক কারখানার শ্রমিকেরা পর্যায়ক্রমে ঢাকা ছাড়বেন। আর সর্বশেষ দফায় আগামী ২৭ মে অবশিষ্ট ২৫১টি পোশাক কারখানার কর্মীদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।






