কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

সংগৃহীত ছবি
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে ডিএমপির অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন ইউনিট মোতায়েন করা হয়েছে কমলাপুর রেলস্টেশনে।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন। তিনি জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে স্টেশনজুড়ে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম।
স্টেশনের প্রবেশপথ, প্লাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে কে-নাইন ইউনিটের ডগ স্কোয়াড ও সদস্যরা।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদযাত্রা চলাকালীন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
এদিকে আজ সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ডিএমপির গৃহীত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তিনি।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ রেলস্টেশন, বাস টার্মিনাল ও অন্যান্য পরিবহন কেন্দ্রে জোরদার করা হয়েছে ডিএমপির নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।






