অক্টোবরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

বুধবার এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে বৈঠক করে রাশিয়ান রাষ্ট্রদূত
আগামী মাসেই রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
তিনি বলেছেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ নিরলস কাজ করছেন। আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।’
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত আরও জানালেন, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আহ্বান জানিয়েছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি মস্কোতে একটি ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি।
তিনি বলেছেন, আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সাক্ষাৎকালে রাশিয়ান রাষ্ট্রদূত উল্লেখ করেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতেই মস্কোতে এই বিটুবি ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের আগ্রহের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট ব্যবসায়িক বৈঠকের ব্যবস্থা করা হবে।
বৈঠকে তৈরি পোশাক খাতের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও সিরামিক খাত এবং রাশিয়ায় বাংলাদেশি মানবসম্পদ রপ্তানির ওপর বিশেষ জোর দেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। এর জবাবে রাশিয়ান রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির আইনগত ও প্রক্রিয়াগত বিষয়গুলো রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যালোচনা করছে। এছাড়া তীব্র শীতের উপযোগী জুতা ও চামড়াজাত পণ্যের ভালো চাহিদার পাশাপাশি সেখানে কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে সুযোগ তৈরি হওয়ায় সম্প্রতি প্রায় তিন হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে।




