নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুব বৈঠকে সভাপতিত্ব করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের জনবল, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের উপর বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ প্রতিবেদন পেশ করা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে বলে অবহিত করা হয়।
বৈঠকে বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞানসম্পন্ন এবং অভিজ্ঞতা বিবেচনার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করে কমিটি। টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেওয়া হয় বৈঠকে।
বৈঠকে উপস্থিত ছিলেন— কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম।



