দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া সফরে ডিসিসিআই প্রতিনিধিদল

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণ এবং দেশটির বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কুয়ালালামপুর সফর করতে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি প্রতিনিধিদল। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের এই দল আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া অবস্থান করবে। এ সফরে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সার্বিক সহযোগিতা করছে।
সফরকালে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর ঢাকা চেম্বারের প্রতিনিধিদলটি ক্ল্যাং চায়নিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে যৌথ বাণিজ্য আলোচনা ও বিটুবি ম্যাচমেকিং সেশনে অংশ নেবে। এসব সেশনের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ পাবেন।
এ ছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে বিশ্ববিখ্যাত হালাল পণ্যের প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ যোগ দেবে প্রতিনিধিদলটি। এতে অংশগ্রহণকারী মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের হালাল খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সফরকালে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী শ্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিসিআই নেতারা।
উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি, যারা ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৩.৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশ থেকে রপ্তানি ছিল ২৮২ মিলিয়ন ডলার এবং আমদানি ছিল ২ হাজার ২৯৩ মিলিয়ন ডলার। পাশাপাশি মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে ইতোমধ্যে ৭৫৫.৪৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন যার সিংহভাগই টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, নির্মাণ ও টেক্সটাইল খাতে।
চার দিনের সফর শেষে ডিসিসিআই প্রতিনিধি দলটি আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা ফিরবে।



