দোকানপাট খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত

এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। সপ্তাহের অন্য তিন দিন এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত। পাশাপাশি যেসব বিপণিবিতানের মালিক সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে চান, তাদের স্বল্প সুদে ঋণ দেবে সরকার।
গতকাল রবিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে দোকান মালিক সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, বিদ্যুৎ সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন তিন দিন এটি হবে, সেটি ব্যবসায়ীদের সঙ্গে বসে এক-দুদিনের মধ্যে ঠিক করা হবে। দোকান মালিক সমিতি জানিয়েছে, যেসব বিপণিবিতান সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের ৫ শতাংশ সুদে ঋণ দেবে সরকার। এ ঋণের মেয়াদ হবে পাঁচ থেকে সাত বছর।
দোকান মালিক সমিতি বলেছে, সৌরবিদ্যুতের প্যানেল অবশ্যই মানসম্মত হতে হবে। এজন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিতে হবে। সনদ নেওয়ার পরও নিম্নমানের সৌরবিদ্যুতের প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে।
এ ছাড়া বৈঠকে দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের বিষয়টি তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাদের দাবি, দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটে। এই বিদ্যুৎবিভ্রাট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। জবাবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী।



