ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডেনিম রপ্তানি থেকে আয় হয়েছে ৮৬ কোটি ৯১ লাখ ৩০ হাজার ইউরো, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কম। তবে আগস্ট মাসে রপ্তানি বেড়ে যাওয়ায় বাজারটিতে ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া যাচ্ছে।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপীয় ইউনিয়ন ২৯৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ইউরোর ডেনিম আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩০৯ কোটি ২২ লাখ ৭০ হাজার ইউরো। সে হিসাবে আট মাসে ইউরোপের ডেনিম আমদানি কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ। এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের মোট ডেনিম আমদানির ২৯ দশমিক ৪০ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রপ্তানি আয় ৫২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ইউরো এবং তুরস্কের ৪৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো।
আগস্ট মাসের পরিসংখ্যানে অবশ্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ওই মাসে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম আমদানি আগের বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩ কোটি ১৬ লাখ ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে ১২ দশমিক ৭১ শতাংশ। মাসটিতে বাংলাদেশ থেকে ইউরোপে ডেনিম রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরো।
আগস্টে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা বেড়ে ৩১ দশমিক ১৭ শতাংশ হয়েছে, যা গত বছরের একই মাসে ছিল ৩০ দশমিক ৭৬ শতাংশ। ওই মাসে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম আমদানি বৃদ্ধির প্রায় ৩৫ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে। এতে জানুয়ারি-জুলাই সময়ে বাংলাদেশের রপ্তানি আয়ের যে ৮ দশমিক ৫৯ শতাংশ পতন ছিল, তা আট মাস শেষে কমে নেমে এসেছে ৫ দশমিক ৮৫ শতাংশে।



