মৎস্য বীমা চালুর পরিকল্পনা সরকারের

প্রথমবারের মতো দেশে মৎস্য বীমা স্কিম চালু ও বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি বললেন, ‘মৎস্যচাষিদের ঝুঁকি মোকাবিলায় এসব পরিকল্পনা হাতে নিয়েছি।’
মন্ত্রী আরও বললেন, ‘আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জাল যার জলা তার— নীতির ভিত্তিতে জলমহাল, উপকূলীয় খাল ও হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছি।’
২০২৬-২৭ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির শূন্য দশমিক ৬৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যা ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা বা জিডিপির শূন্য দশমিক ৬১ শতাংশ।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বললেন, ‘২০২৬-২৭ অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে— ৫৬ লাখ ৩৫ হাজার টন মাছ উৎপাদন।’




