৪৫ হাজার কোটির মেগা প্রকল্প
- উপজেলা স্বাস্থসেবা

গ্রাফিকস: আগামীর সময়
নির্বাচনী ইশতেহার পূরণে উপজেলা পর্যায়ে বসবাসকারী জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে মিনি হাসপাতালে রূপান্তরে নেওয়া হচ্ছে একটি মেগা প্রকল্প। ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি (৪৪ হাজার ৭৫৭ কোটি) টাকা। প্রস্তাবটি নিয়ে গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। এ সময় প্রকল্পের আওতায় ৪৬৫ কোটি টাকার রাজস্ব ব্যয়, প্রতিটি উপজেলার জন্য ৬-৭ কোটির আসবাবপত্র কেনা এবং ২৮ কোটি টাকার করে মেডিকেল যন্ত্রপাতি কেনার প্রস্তাব অত্যধিক হিসেবে মনে করে কমাতে বলা হয়েছে। সেই সঙ্গে ২ কোটি টাকা ব্যয় বৈদেশিক প্রশিক্ষণের প্রস্তাব থাকলেও সেটি এবং পরামর্শক খাতের খরচ বাদ দেওয়া সুপারিশ করা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পিইসি সভা সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ওই সভায় বলেছেন, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জেলা ও বিভাগীয় হাসপাতালের ওপর রোগীর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে। এ ছাড়া নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, সিজারিয়ান ও অন্যান্য অপারেশন সুবিধা সম্প্রসারণ, নবজাতক ও শিশুর পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসা সুবিধার উন্নয়ন ঘটবে। পাশাপাশি জরুরি, সংক্রামক, হৃদরোগ, স্ট্রোক, আঘাতজনিত, মাতৃ ও নবজাতক রোগীদের জন্য উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সুবিধা গড়ে তোলা সম্ভব। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসাসেবা, ক্যানসার স্ক্রিনিং কক্ষ এবং পুরুষ ও মহিলা রোগীর জন্য পৃথক ফিজিওথেরারি সেবা এবং উপজেলা হাসপাতালগুলোকে আইসিইউ, সিসিইউ, ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) তৈরি করা হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০৫ উপজেলায় হবে নতুন ১০১ শয্যার আটতলা ভিতবিশিষ্ট সাততলা হাসপাতাল ভবন। এ ছাড়া ৮৩ উপজেলায় জরাজীর্ণ ৩১ শয্যার ভবন ভেঙে নতুন ১৩২ শয্যার সাততলা হাসপাতাল ভবন তৈরি করা হবে। পাশাপাশি ১৩ উপজেলায় নতুন ১২০ শয্যার সাততলা হাসপাতাল ভবন, ৯ উপজেলায় নতুন ১৫১ শয্যার সাততলা হাসপাতাল ভবন এবং ১৮ উপজেলায় ছয়তলা ভিতবিশিষ্ট পাঁচতলা নতুন ৫১ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। সেই সঙ্গে ৩৩০ কোটি টাকা ব্যয়ে নতুন সৃষ্ট ১৫টি উপজেলাসহ ২০টি উপজেলায় ৫৫ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আধুনিক, মানসম্মত, সময়োপযোগী ও সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। পাশাপাশি কেন্দ্রীয় মেডিকেল গ্যাস সরবরাহ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হবে।
পিইসি সভায় আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ হেলাল উদ্দীন বলেছেন, স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ফিল্ড সার্ভে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান হাসপাতাল ভবনগুলোর বয়সভিত্তিক সমীক্ষা পরিচালনা করা হয়েছে। এতে দেখা যায়, ১৯৬১ সাল পূর্ববর্তী-সময়ে ১ শতাংশ, ১৯৬১-৮০ সালের মধ্যে ২৬ শতাংশ, ১৯৮১-৯০ সালের মধ্যে ১৭ শতাংশ, ১৯৯১-২০০০ সালের মধ্যে ৫ শতাংশ এবং ২০০১ সাল পরবর্তী-সময়ে ৫১ শতাংশ ভবন নির্মাণ করা হয়েছে। সেই আলোকে কোন উপজেলায় কত শয্যার হাসপাতাল হবে সেটি নির্ধারণ করা হয়। এ ছাড়া এর বাইরে নবসৃষ্ট ১৫টি উপজেলায় আটতলা ভিতবিশিষ্ট সাততলা ভবন, ছয়তলা ডক্টরস কোয়ার্টার, নার্সেস কোয়ার্টার, সুপিরিয়র ডরমিটরি (স্টুডিও অ্যাপার্টমেন্ট), পঁাচতলা স্টাফ ডরমিটরি, তিনতলা মসজিদ নির্মাণ করা হবে। ৪৪৩টি উপজেলায় হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।



