বিশেষ তদারকিতে ৪২৮ প্রকল্প
- প্রধানমন্ত্রীর নির্দেশে চার মন্ত্রণালয়ের জন্য কমিটি গঠন

সংগৃহীত ছবি
বিশেষ নজরদারিতে আসছে চার মন্ত্রণালয় ও বিভাগের ৪২৮টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের অনুকূলে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রয়েছে প্রায় ৯৪ হাজার ৩৭১ কোটি টাকা। এর মধ্যে গত চার মাসে ব্যয় হয়েছে ১১ হাজার ৫৬২ কোটি টাকা। এজন্য গঠন করা হয়েছে পৃথক চারটি কমিটি। গত ১২ নভেম্বর পরিকল্পনা বিভাগ থেকে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে। সব কমিটির প্রধান হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। পাশাপাশি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা (অতিরিক্ত সচিব)। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, গত ৩১ আগস্ট রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা। সেখানে প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই নির্দেশনা মেনে কমিটিগুলো গঠন করা হয়েছে। মন্ত্রণালয়গুলো হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, আমরা চাচ্ছি উন্নয়ন কার্যক্রম জোরদার করতে। এজন্য নতুন নতুন বিভিন্ন কার্যক্রম শুরু করা হচ্ছে। এর অংশ হিসেবে চারটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হয়েছে। সবগুলো মন্ত্রণালয়ের জন্য কমিটি হবে না। যেসব মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে পিছিয়ে রয়েছে এবং বরাদ্দের দিক থেকে বেশি প্রথম পর্যায়ে সেসবের জন্য কমিটি করা হয়েছে। আশা করা যাচ্ছে, ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নে গতি ফিরে আসবে। তিনি জানিয়েছেন, অর্থবছরের প্রথম প্রান্তিকের এডিপি বাস্তবায়নের অগ্রগতি দেখে কমিটি গঠনে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। সরকারের পরিকল্পনায় আরও বেশ কিছু উদ্যোগ আছে। সে পর্যায়গুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১০২টি উন্নয়ন প্রকল্পের জন্য চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে গত চার মাসে (জুলাই-অক্টোবর) খরচ করা হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় ১৮ প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ১৪ কোটি টাকা, খরচ হয়েছে ২৩৭ কোটি টাকা। স্বাস্থ্য-শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৫ প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া আছে ৫ হাজার ৪৯৯ কোটি টাকা, ব্যয় হয়েছে ১৫৮ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের ২০১টি প্রকল্পের অনুকূলে এডিপিতে বরাদ্দ আছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা, খরচ হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৬৬ প্রকল্পের অনুকূলে বরাদ্দ আছে ১১ হাজার ১৮৪ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ১ হাজার ২৬৪ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২১ প্রকল্পের অনুকূলে বরাদ্দ রয়েছে ৫ হাজার ২৫৪ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে গত চার মাসে খরচ হয়েছে ৩১০ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার ২০৩ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে খরচ হয়েছে ৭৭৩ কোটি ৫৭ লাখ টাকা।



