দুবলার চরে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিম বন বিভাগ। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যেখান থেকে পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলে আব্দুল মান্নান বলেন, টানার মাথা খালের চরে একটি মরদেহ ভাসতে দেখে তিনি তাৎক্ষণিক বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের লোকজন এসে মরদেহটি উদ্ধার করেন
এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমানের পরিচালিত ইকো ট্যুরিজম-২ বোটে সুন্দরবন ভ্রমণে যান নরসিংদী, ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুরের ১৯ জন পর্যটক।
৬ নভেম্বর দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়বোটটি। বোটটি ছাড়ানোর জন্য পর্যটকরা নিচে নেমে পড়েন। তবে চেষ্টা ব্যর্থ হলে সবাই আবার বোটে ওঠেন। পরে পর্যটকদের গণনা করে একজনকে নিখোঁজ পাওয়া যায়। এরপর থেকে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়।
নিখোঁজের খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। অবশেষে গতকাল রাতে দুবলার চরের অদূরে টানার মাথা খালসংলগ্ন নদীর চর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, বোট থেকে নামার পর নদীর স্রোতে ভেসে যান রিয়াজ আহমেদ।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




