চিঠির অপেক্ষায় ডাকঘর, খালি পড়ে থাকে বাক্স

গৌরীপুর উপজেলা পোস্ট অফিস। ছবি: আগামীর সময়
একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দীর্ঘ প্রহর গুনতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা কিংবা রানারের পায়ের শব্দে ছুটে যেতেন দরজায়। আনন্দের চিঠিতে মন ভরে উঠত খুশিতে, আবার স্বজনের পাঠানো দুঃসংবাদে চোখ ভিজত অশ্রুতে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইমুর যুগে চিঠি লেখার অভ্যাস প্রায় হারিয়ে গেছে। তবে চিঠির অপেক্ষা এখনো ফুরায়নি ডাকঘরের কর্মীদের।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পোস্ট অফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চিঠির অপেক্ষায় দায়িত্ব পালন করেন কর্মীরা। নিয়মিত খোলা হয় ডাকবাক্সও। তবে ব্যক্তিগত চিঠি প্রায় আসেই না। সরকারি নিয়োগ বা চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের নোটিশের মতো ডাকই এখন বেশি আসে।
গৌরীপুর উপজেলা পোস্টমাস্টার আমিনুল ইসলাম জানিয়েছেন, এক মাস আগে দীর্ঘ আট বছর পর পোস্ট অফিস ভবনের সামনে একটি বড় ডাকবাক্স স্থাপন করা হয়েছে। কিন্তু গত এক মাসে ওই বাক্সে একটি চিঠিও পড়েনি। সরকারি ডাকের মধ্যে নিয়োগ ও চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্রই বেশি আসে। সরকার নানা সেবা ও সুবিধা চালু করলেও সেগুলোতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।
রক্তাক্ত খিচুড়িবিলাস
২৩ নভেম্বর ২০২৬
এখন আর রাত জেগে চিঠির পাতায় প্রেমের কথা লেখেন না অনেকেই। কয়েক মুহূর্তেই মুঠোফোনে পৌঁছে যায় বার্তা। বদলে যাওয়া যোগাযোগব্যবস্থায় ব্যক্তিগত চিঠির সেই দিনগুলো অনেকটাই অতীত। তবু ডাকঘরের কর্মীরা প্রতিদিন ডাকবাক্স খোলেন, অপেক্ষা করেন চিঠির জন্য।




