বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ছবি: আগামীর সময়
দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো ও খালাস কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আজ সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।
তিনি বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে। এ জন্য বেনাপোল চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আগেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছিল।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানো ও খালাসসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, দীপাবলি উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।




