দশমিনা
পানি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর দশমিনায় বাড়ির পাশের পুকুরে পানি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে মালিহা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালিহা ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির উত্তর পাশের পুকুরে পানি সংগ্রহ করতে গেলে শিশুটি পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে দ্রুত শিশুটিকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. আবিদা নাসরিন জিতু তাকে মৃত ঘোষণা করেন।



