সোনারগাঁও
বড় সরদার বাড়ি সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ স্থগিতের দাবি

গ্রাফিকস: আগামীর সময়
সোনারগাঁওয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ির কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়ন ছাড়াই দেয়ালের ক্ষতচিহ্ন মেরামত শুরু করার অভিযোগ তুলেছে ‘সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।
সংগঠনটির অভিযোগ, স্বাধীন বিশেষজ্ঞ দল দিয়ে মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক তা অনুসরণ করেননি। অবিলম্বে মেরামত স্থগিত করে পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সুপারিশ অনুসারে সংরক্ষণের কাজ শুরুর দাবি জানিয়েছে কমিটি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে বড় সরদার বাড়ির দেয়ালের ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ শুরু হয়েছে। ঐতিহাসিক স্থাপনাটির পুরোনো গাঁথুনি, কাঠের সংযোগস্থল ও ভারবহনকারী অংশের অবস্থা পরীক্ষা না করেই সাধারণ ভবনের মতো মেরামত করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। বড় সরদার বাড়িতে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর শুটিংয়ের পর দেয়াল, অলংকরণ ও নকশার বিভিন্ন অংশে ক্ষতির অভিযোগ ওঠে। চার দিনের শুটিংয়ে উচ্চ ক্ষমতার জেনারেটর, ভারী ক্যামেরা, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। এসব সরঞ্জামের কম্পন ও চাপ স্থাপনাটির ভেতরে কতটা প্রভাব ফেলেছে, তা নির্ধারণে কারিগরি পরীক্ষার দাবি জানিয়ে আসছে কমিটি।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস বলেন, বড় সরদার বাড়ির মেরামতের আগে স্বাধীন বিশেষজ্ঞ দলের মাধ্যমে কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়নের দাবি জানিয়েছিলাম। পরিচালক প্রতিশ্রুতি দিলেও মূল্যায়ন ছাড়াই গতকাল থেকে দেয়াল মেরামত শুরু হয়েছে। প্রতিশ্রুতি উপেক্ষার এমন ঘটনা দুঃখজনক। অবিলম্বে মেরামত স্থগিত করে স্বাধীন বিশেষজ্ঞ দল দিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হবে। বিশেষজ্ঞদের সুপারিশ অনুসারে সংরক্ষণের কাজ শুরুর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর স্থাপত্য বিভাগের প্রধান বিশিষ্ট স্থপতি আবু সাঈদ এম আহমেদ এর তত্ত্বাবধানে ঐতিহাসিক বড় সরদার বাড়ির সংস্কার কাজ করা হচ্ছে। বড় সরদার বাড়ির ছাদ দিয়ে পানি পড়াসহ বিভিন্ন স্থানে আস্তর খসে পড়ায় এ সংস্কার কাজ করা হচ্ছে।
বিগত সময়েও স্থাপতি আবু সাঈদ এম আহমেদের তত্ত্বাবধানে বড় সরদার বাড়ির রেস্টোরেশন কাজ সম্পন্ন হয়েছিল।



