কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

গ্রেপ্তার শফিকুল ইসলাম শফি
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টেপামধুপুর হাটসংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর কয়েকটি ধারায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ০৮। এতে শফিকুল ইসলাম শফিকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানিয়েছেন, গ্রেপ্তার শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একই মামলায় এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।




