ধামরাইয়ে মহাসড়কে আ. লীগের বিক্ষোভ, ককটেল-পেট্রলবোমাসহ গ্রেপ্তার ৫
- দাবি পুলিশের

ছবি: পুলিশের সৌজন্যে
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রলবোমাসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি পুলিশের। তবে তাদের মধ্যে দুজন ছাড়া বাকিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন ধামরাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা। মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে শাকিবুল হাসান (২২) এবং ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান (২৩)। পুলিশ জানিয়েছে, শাকিবুল কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং হিমেল ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তার অপর তিনজন হলেন, ধামরাইয়ের বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন (২২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা (২৮) এবং একই থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা (২০)। দীপংকর ধামরাই মডেল টাউন এলাকার একটি বাড়িতে এবং লেলিন ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, উপজেলা যুবলীগের সংগঠক প্রকৌশলী রিফাত আহমেদ, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এম মাসুদ, পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী নাহিদ হাসান বাবু এবং উপজেলা ও পৌর ছাত্রলীগের কয়েকজন নেতা। মিছিলের সার্বিক নির্দেশনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ এবং আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।
পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বললেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। তবে সবার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।



