ফতুল্লায় সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া, হত্যার হুমকি

আল আমিন প্রধান- সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে। এ সময় তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলা হয় এবং যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। পরপর দুই দিনের এসব ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি করেন আল আমিন প্রধান।
আল আমিন প্রধান জানালেন, শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তার কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিস চলছিল। এ সময় মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫ থেকে ৭ জন সেখানে উপস্থিত হন। তারা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিসে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তারা তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন তাকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান।
আল আমিন আরও জানালেন, ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০ থেকে ১২ জন দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তার বাড়ির নিচে অবস্থান নেন। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে তাকে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্ত ব্যক্তিরা তার নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলে হুমকি দিয়ে তারা চলে যান।
পরে তিনি ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমকে বিষয়টি জানান এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন। আল আমিনের ভাষ্য অনুযায়ী, অভিযোগ শোনার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, পরপর দুই দিন একজন সাংবাদিককে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বললেন, নারায়ণগঞ্জের কোনো সাংবাদিকের ওপর সামান্যতম আঘাত এলেও সাংবাদিক সমাজ তা মেনে নেবে না। অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক, মাদক কারবারি কিংবা দাগি অপরাধী- কাউকেই ছাড় দেওয়া হবে না।
জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি জানালেন, অন্যথায় জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রশাসন ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বললেন, আল আমিন প্রধান দীর্ঘদিন ধরে পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকতা করছেন। তার সঙ্গে পরপর দুটি ঘটনার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এরই মধ্যে থানায় জিডি করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বললেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিকেরা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।



