জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় দলিল লেখকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
জয়পুরহাটের এসপির মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত দলিল লেখক কমল দাস (৫০) মারা গেছেন।
আজ বুধবার বিকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কমল দাস জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম দিঘিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো বুধবার সকালে অটোরিকশাযোগে কর্মস্থলের উদ্দেশে রওনা হন কমল দাস। পথে এসপির মোড় এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল তার বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কের পাশের ড্রেনে পড়ে যান।
দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লেখ করেন, নিহতের স্বজনরা থানায় এসেছেন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




