নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাঁশ কাটতে গিয়ে মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজ সোমবার সকালে ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ি উপজেলার টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫২-সংলগ্ন এলাকায়। স্থানটি বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ মিটার ভেতরে মিয়ানমারের ডুইল্যাঝিরি ক্যাম্প-সংলগ্ন এলাকায়।
নিহত বাংলাদেশি যুবকের নাম মো. সাইফুল (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে সীমান্তের কাঁটাতার পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান সাইফুল। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত মাটিতে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত সাইফুলকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু জানিয়েছেন, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের অহেতুক সীমান্তের আশপাশে ঘোরাফেরা না করতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







