কলমাকান্দায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার কলমাকান্দায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাসিম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাতে আব্দুল হাসিম কলমাকান্দা থানায় মামলাটি করেন। আটক তিনজনকে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামের আক্কাস আলীর ছেলে ফুল মিয়া (৪০), একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আক্কেল আলী (৭০) এবং সোহরাব মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৬)।
স্থানীয়রা জানান, খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী হক্কা মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চার-পাঁচ মাস আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে হক্কা মিয়ার ছেলের প্রেমের সম্পর্কের জেরে তারা পালিয়ে যান। এ ঘটনায় জামাল মিয়া অপহরণের মামলা করেন। পরে পুলিশ তার মেয়েকে উদ্ধার করে। এ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়।
গত শুক্রবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে জামাল মিয়া কয়েকজনকে নিয়ে হক্কা মিয়া ও তার লোকজনের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া টেঁটা সাদ্দাম হোসেনের বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



