দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

ছবি: আগামীর সময়
দিনাজপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে দিনাজপুর-দশমাইল মহাসড়ক সংলগ্ন একটি বন্ধ মার্কেটের পেছন থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আজ রবিবার বিকেলে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল উত্তর গোবিন্দপুর গ্রামের বন্ধ মার্কেটের পেছনে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



