গোপালগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৫ জন হাসপাতালে

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়জন ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে নয়জন স্প্লিন্টারের আঘাতে আহত হন। এ ছাড়া কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তিনি সংঘর্ষের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই।




