গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই ফাঁড়ি থেকে উধাও আসামি

ছবি: আগামীর সময়
সাভারে পুলিশ ফাঁড়ি থেকে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে করা হয়েছে প্রত্যাহার।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম।
সোমবার রাতে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আসামি পালানোর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে ফাঁড়ির ভেতর থেকে আশাব উদ্দিন দৌড়ে পালিয়ে যান। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আসামি পালানোর ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’
পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




