মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই

আহত মনোরঞ্জন কর্মকারকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: আগামীর সময়
মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম মনোরঞ্জন কর্মকার ওরফে মনা।
স্থানীয় বাসিন্দা শিক্ষক রাসেল মিয়া জানান, যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জনকে উদ্ধার করে হরিরামপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থলে রক্তের দাগ ও একটি কাঠের লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানিয়েছেন, মনোরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। তার সিটিস্ক্যান করানো প্রয়োজন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক জানিয়েছেন, লেছড়াগঞ্জ বাজারে নিজের স্বর্ণের দোকান বন্ধ করে মনোরঞ্জন কর্মকার বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়।
তিনি আরও জানালেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো স্বর্ণ ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে রক্তের দাগ ও নারিকেল গাছের একটি বাইগরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




