জামালপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় নারী

দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন এক নারী। ছবি: আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাকে বাংলাদেশে পাঠাতে পারেনি বিএসএফ। বর্তমানে ওই নারী দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালেন, প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। এ সময় ওই নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে তিনি দুই দেশের মধ্যবর্তী নো-ম্যানস ল্যান্ডে (শূন্যরেখা) অবস্থান নেন।
ঘটনার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন। তাকে পুশইন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বললেন, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।



