রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা-শোভাযাত্রা

ছবি: আগামীর সময়
রংপুরে আলোচনাসভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা ও বিভাগীয় প্রশাসন, বিএনপি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পৃথক কর্মসূচির আয়োজন করে।
আজ শনিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নরেশ চাকমা, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে জেলা বিএনপি ও মহানগর বিএনপি পৃথক শোভাযাত্রা বের করে। জেলা বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেন আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব পরিতোষ চক্রবর্তী। অন্যদিকে, মহানগর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেন আহ্বায়ক সামসুজ্জামান সামু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু ও সদস্যসচিব মাহফুজ উন নবী ডন।
শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মহানগর বিএনপি গ্র্যান্ড হোটেল মোড়ে এবং জেলা বিএনপি পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পৃথক কর্মসূচি পালন করা হয়।



