বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েতপ্রবাসীর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সোহেল ফকির। সংগৃহীত ছবি
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সোহেল ফকির (২৪) নামে এক কুয়েতপ্রবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।
নিহতের স্বজন পান্নু মৃধা জানালেন, বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ে উপলক্ষে ১০ দিন আগে দেশে আসেন সোহেল। আজ দুপুরে মোটরসাইকেল পার্কিং করে বটতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় ঢাকাগামী তাজবি পরিবহনের একটি বাস সোহেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মোহসিন বলেছেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’





