এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, আসামি ৩৮

ছবি: আগামীর সময়
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
দৌলতপুর ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের ৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টা এবং বাড়িঘর ভস্মীভূত করার অভিযোগ আনা হয়েছে মামলায়।
পুলিশ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান গ্রামের ডাংমড়কায় নুসরাতের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত। আগুনে টিনশেডের বসতঘর, আসবাবপত্র ও খামারের গবাদিপশু পুড়ে ছাই হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নুসরাত তাবাসসুম। দুপুরে পুড়ে যাওয়া ঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হয়েছেন, পেট্রলবোমা ছুড়ে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। এ ঘটনার জন্য তিনি ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেন। তবে এমন হামলায় তিনি ভীত নন উল্লেখ করে জুলাই আন্দোলনের এই নেত্রী অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।



