আইসিইউতে থাকা তানিয়া জানেন না স্বামী-সন্তান আর নেই
- পাশাপাশি কবরে চিরনিদ্রায় বাবা-মেয়ে, মা-ছেলে
- ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত এক পরিবারের চারজন

স্বজন হারিয়ে এভাবেই কাঁদছেন কাসফিয়ার শ্বশুর আমানত উল্লাহ
মাত্র পাঁচ মাস আগে মা হয়েছিলেন তানিয়া সুলতানা (২২)। কোল জুড়ে এসেছিল ফুটফুটে কন্যাসন্তান মাশরুফা হোসাইন ইলহাম। মেয়েকে ঘিরেই ছিল তার যত স্বপ্ন, যত আনন্দ। গতকাল শুক্রবারও স্বামী সাজ্জাদ হোসেন রুবেলের (৩০) সঙ্গে মেয়েকে নিয়ে একটি পারিবারিক দাওয়াতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ আনন্দময় মুহূর্ত। পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান স্বামী রুবেল ও পাঁচ মাসের মেয়ে ইলহাম। একই দুর্ঘটনায় মারা যান রুবেলের ছোট বোন কাসফিয়া জান্নাত (২০) ও তার তিন বছর বয়সী ছেলে সাহিল।
এখন চট্টগ্রামে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তানিয়া। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। এখনো তার জ্ঞান ফেরেনি। স্বামী ও একমাত্র সন্তান আর নেই, এই নির্মম সত্যটুকুও জানেন না তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার একপাশে গভীর ক্ষত রয়েছে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি লেভেল ক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই শিশু মারা যায়। দুর্ঘটনায় আহত হন চারজন। তাদের মধ্যে কাসফিয়ার দেড় বছর বয়সী মেয়ে আয়াত মনি ও তানিয়ার অবস্থা গুরুতর। চালক মো. জয়নালও হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতেই নিহত চারজনের মরদেহ রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকায় নেওয়া হয়। পরে চেইন্দা কাইম্যারঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রুবেল পরিবারের সদস্যদের নিয়ে রামুর রাজারকুলের উমখালীতে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হন। সেখানে পারিবারিক দাওয়াতে অংশ নেওয়ার কথা ছিল তাদের। কাসফিয়া তখন বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার শ্বশুরবাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড মহুরীপাড়া এলাকায়।
কাসফিয়ার শ্বশুর আমানত উল্লাহ বলেছেন, কাসফিয়া দুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বড় বোনের বাসায় দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল। আনন্দঘন পরিবেশে সবাই বের হয়েছিলেন। কিন্তু পথেই এমন দুর্ঘটনা ঘটে যাবে, তা কেউ কল্পনাও করেননি।
শনিবার দুপুরে রুবেলের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজার সামনে বসে আছেন বৃদ্ধ বাবা নুরুল ইসলাম। হাতে থাকা মোবাইল ফোনের পর্দায় সন্তান, মেয়ে ও নাতি-নাতনিদের ছবি। কখনো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকছেন, কখনো নাতি-নাতনিদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে করে কেঁদে উঠছেন। একসঙ্গে এতগুলো স্বজনকে হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে নুরুল ইসলাম বলেছেন, বড় ছেলে রুবেল পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াতে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে তার ছেলে অটোরিকশার চালককে বারবার গাড়ি রেললাইনে না তুলতে নিষেধ করেছিল। কিন্তু চালক তার কথা শোনেননি। অটোরিকশাটি রেললাইনে তুলে দেওয়ার পরই ট্রেনের ধাক্কায় ঘটে দুর্ঘটনা।
তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় তার ছেলে, মেয়ে ও দুই নাতি-নাতনি মারা গেছে। তাদের মরদেহ বাড়িতে এনে একসঙ্গে দাফন করা হয়েছে। আরেক নাতনি আয়াত মনি চট্টগ্রামে আইসিইউতে চিকিৎসাধীন। ছেলের স্ত্রী তানিয়াকেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রুবেলের মেজো চাচা জাফর আলমের ভাষ্য, রুবেল ও ছোট ভাতিজি কাসফিয়া পরিবারের অত্যন্ত আদরের ছিল। তাদের সঙ্গে দুই নাতি-নাতনির মৃত্যুও পুরো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। রুবেল খুব ভালো ছেলে ছিল। পরিবারের কারও সঙ্গে কখনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। তার মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দারাও রুবেলকে শান্ত, ভদ্র ও মিশুক স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন। তাদের ভাষ্য, এলাকার ছোট-বড় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার। এমন মর্মান্তিক ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনার পর গুরুতর আহত তানিয়াকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার জ্ঞান না ফেরায় স্বামী ও মেয়ের মৃত্যুর খবর জানানো সম্ভব হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। একই দুর্ঘটনায় আহত কাসফিয়ার দেড় বছর বয়সী মেয়ে আয়াত মনিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম নেওয়ার আগে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউর সামনে দাঁড়িয়ে ইলহামের বড় খালা রিমা আক্তার বলছিলেন, ইলহাম ছিল তাদের পরিবারের খুব আদরের। তার মায়াভরা হাসি আর কখনো দেখতে পারবেন না তারা। বোন তানিয়া আইসিইউতে চিকিৎসাধীন। সে হাত-পা সামান্য নাড়াচাড়া করছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।
তানিয়ার মা আজিজ খানম মুন্নীও মেয়ের স্বামী ও নাতনিকে হারিয়ে ভেঙে পড়েছেন। বিলাপ করে তিনি বলেছেন, ‘আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আমার বুক খালি হয়ে গেল।’
কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, আহত নারীর মাথার একপাশে গভীর ক্ষত রয়েছে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবার সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিউরোসার্জারির মাধ্যমে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। স্বজনদের বিষয়টি জানানো হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যায়।
এর আগে শুক্রবার বিকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে শিশুদের জুতা, জামাকাপড়, উপহারসামগ্রী ও একটি লাগেজ।
উপস্থিত লোকজনের ভাষায়, যে পরিবারটি আনন্দের দাওয়াতে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, তাদের সেই যাত্রার শেষ চিহ্ন হয়ে পড়ে আছে এসব জিনিস।
প্রত্যক্ষদর্শী শামসুল আলমের ভাষ্য, দুর্ঘটনার প্রায় ১০ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ছিটকে পড়া একটি শিশুকে দেখতে পান। পরে শিশুটিকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান।
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রেনটি কাছাকাছি চলে এলেও অটোরিকশাটি রেললাইনে উঠে যায়। তার দাবি, অটোরিকশাটি প্রায় পার হয়ে যাচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় সেটি পাশের একটি খুঁটিতে আঘাত করে আবার ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে খুঁটিটিও নিজ অবস্থান থেকে সরে যায়।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার রাতে রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেছিলেন, রেলক্রসিংটা ছিল ঝুঁকিপূর্ণ। সেখানে গেট বা গেটম্যান ছিল না। ব্যারিয়ার বসানোর জন্য আমরা রেল বিভাগকে লিখিতভাবে জানাব।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেছেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।



