রাজশাহীতে ভূমি অফিসে পেট্রলবোমা হামলা, নিরাপত্তা জোরদার

ছবি: আগামীর সময়
রাজশাহীর পবা ভূমি অফিসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার, রাতের পাহারা ও পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ঘটনার পর রবিবার দুপুরে পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত
২৯ নভেম্বর ২০২৬
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও ভূমিসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের স্থাপনায় হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক ছড়াতে কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয়। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেছেন, ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি বিস্ফোরিত হয়নি। নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।




