শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

মাজার প্রাঙ্গণে বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। রাষ্ট্রপতিকে স্বাগত জানান মাজার কর্তৃপক্ষ।
দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। এরপর রওনা দিয়েছেন হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারতের উদ্দেশে।
মাজারে রাষ্ট্রপতির আসা ও যাওয়ার সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাকে স্বাগত জানান সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিকাল ৩টার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।




