সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিমানবন্দর থেকে ১২টার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছালে সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি দল।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটি মির্জা ফখরুলের প্রথম সিলেট সফর। তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও কর্মসূচির স্থানগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
সিলেটে এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে সফর করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেট সফরে এসে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশ নেন।




