হারানো মোবাইল ফেরত পেলেন ৫১ মালিক

হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফেরত দিচ্ছেন পুলিশ কর্মকর্তা
হারানো জিডির পরিপ্রেক্ষিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এতে হারানো মোবাইল ফোনের মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
আজ শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।
এর আগে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকানা যাচাই করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে কিছু ফোন বিভিন্ন হাত ঘুরে অপেক্ষাকৃত কমমূল্যে অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। ফোনগুলো যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি এসব ব্যক্তির বিরুদ্ধে পূর্বে চোরাই মালামাল সংরক্ষণ বা এ ধরনের অপরাধে সম্পৃক্ততার কোনো তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। একই সঙ্গে মোবাইল ফোনগুলো কীভাবে এবং কার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছেছে, সেই উৎস ও যোগসূত্র উদ্ঘাটনেও পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ‘মহানগরীর বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন সংক্রান্ত যেসব জিডি হয়েছে, সেগুলো সংগ্রহ ও পর্যালোচনা করে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এরই মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হারানো বা চুরি হওয়া অনেক মোবাইল ফোনের ঘটনা পুলিশকে অবহিত করা হয় না। এক্ষেত্রে তিনি নাগরিকদের প্রত্যেকটি হারানো বা চুরির ঘটনা নিকটস্থ থানায় জিডির মাধ্যমে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।



