কক্সবাজারে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে বাস ও অটোরিকশার দুর্ঘটনা
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
ডালার দোয়ার এলাকার আবদুর রহমানের ছেলে মোহাম্মদ রিয়াদ বলেন, ‘দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে শিশুসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে দুজনের মৃত্যুর খবর জানতে পারেন।’
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধারে কাজ করেছে এবং তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।’
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।




